রাজধানীর মোহাম্মদপুর থেকে গতকাল বৃহস্পতিবার কাইজ্জা পার্টি’র দুই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর থেকে গতকাল বৃহস্পতিবার কাইজ্জা পার্টি’র দুই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ

একদল ‘কাইজ্জা’ করেন, অন্যরা মালামাল নিয়ে সটকে পড়েন

রিকশাচালক যাত্রী নিয়ে কিছু দূর যাওয়ার পর রিকশা নষ্ট হয়েছে জানিয়ে যাত্রীকে একটু হাঁটতে বলেন। এ সময় দু–তিনজন এসে ইচ্ছে করেই যাত্রীর সঙ্গে ঝগড়া শুরু করেন। এই সুযোগে আরেকজন রিকশা থেকে যাত্রীর মালামাল নিয়ে পালিয়ে যান।
এ ধরনের ঘটনায় রিকশাচালক এবং ঝগড়াকারীরা ও মালামাল চুরি করে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সবাই একটি চক্রের সদস্য থাকে। রাজধানীর মোহাম্মদপুর থেকে গতকাল বৃহস্পতিবার এই চক্রের দুই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা ‘কাইজ্জা পার্টি’র সদস্য।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, এই চক্রে আরও সাত থেকে আটজন সদস্য রয়েছে, যারা ঢাকা ও নারায়ণগঞ্জে একই কৌশলে মালামাল নিয়ে পালিয়ে যায়। মিরপুর এলাকার একটি ঘটনা তদন্ত করতে গিয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাইদুর রহমান হাওলাদার নামে একজন রয়েছেন, যিনি চক্রটির প্রধান। গ্রেপ্তার অন্যজন হলেন মোর্শেদ।

ওসি বলেন, তাঁরা ‘কাইজ্জা পার্টি’ নামেই পরিচিত। মূলত ঝগড়া করে মালামাল লুট করার কারণেই এই নাম হয়েছে। গ্রেপ্তার দুজনের কাছ থেকে লুট করা চার লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম এবং দুই লাখ টাকার বেশি প্রসাধনী উদ্ধার করা হয়। প্রায় দুই বছর ধরে তাঁরা এ ধরনের কাজ করছেন।