রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পূর্ব জুরাইনের চেয়ারম্যানবাড়ি কলেজ রোড এলাকার একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীরের (৪১) ছোট ভাই সজল শিকদার জানান, তাঁর ভাই পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। সন্ধ্যায় ওই অটোরিকশার গ্যারেজে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।
জাহাঙ্গীর শিকদারের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায়। তাঁর বাবার নাম এসকেন্দার শিকদার। তিনি পরিবার নিয়ে কদমতলীর পূর্ব জুরাইনের কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।