
পানির দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার বিকেলে সরকারি তিতুমীর কলেজের সামনের সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী হয়ে গুলশানগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এলাকাবাসীর অভিযোগ, দুই সপ্তাহের বেশি সময় ধরে এলাকাটিতে পানি নেই। পানিসংকটের কথা ওয়াসাকে জানানো হয়েছে। তারা এসে দেখেও গেছে। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তাঁরা।
পানিসংকট সমাধানের পাশাপাশি স্থানীয় মহাখালী সি ব্লকের সরু রাস্তা চলাচলের জন্য প্রশস্ত করার দাবি জানান এলাকাবাসী। তাঁরা বলেন, এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ, সরু রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ঢোকে না।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, মহাখালীর সি ব্লক এলাকার বাসিন্দারা ১৫ দিন ধরে পানি পাচ্ছেন না। তাই রাস্তায় নেমে সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।
ওসি আরও বলেন, স্থানীয় বাসিন্দারা আধা ঘণ্টার বেশি রাস্তা অবরোধ করে রাখেন। পরে তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।