
আগামীকাল শুক্রবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। তাঁতীবাজারে শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরে প্রভাতি আরতির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। দুপুরে ভোগ আরতির পর শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মাসির বাড়ি থেকে তাঁতীবাজারের দুর্গাপূজা প্রাঙ্গণে এনে রথে বসানো হবে।
আয়োজকেরা জানিয়েছেন, বিকেল চারটায় রথ টানা শুরু হবে। রথটি তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে উত্তর দিকে গিয়ে ইংলিশ রোড, রায় সাহেব বাজার মোড়, ডিসি অফিস, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, সদরঘাট মোড়, পাটুয়াটুলী, ইসলামপুর, কোতোয়ালি রোড ও শিবমন্দির হয়ে আবার তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণে ফিরে আসবে।
আয়োজকদের প্রত্যাশা, উল্টো রথযাত্রায় পাঁচ থেকে ছয় হাজার ভক্ত অংশ নেবেন। এ উপলক্ষে এলাকায় মেলা বসবে এবং বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হবে।
দিনের কর্মসূচি শেষে রাতে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মূল মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে। উল্টো রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।