ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু

বেলুন উড়িয়ে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু হলো
ছবি: তানভীর আহম্মেদ

ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু হয়েছে। সারা দেশের শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ১৩তম জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

আঞ্চলিক পর্ব থেকে বিজয়ীরা এ পর্বে অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, দিনাজপুর ও বরিশাল থেকে শিক্ষার্থীরা এসেছে। প্রায় ৯০০ শিক্ষার্থী জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

সকাল আটটায় এসে নিজ বিভাগ ও জেলার বুথে গিতে নিবন্ধন করে শিক্ষার্থীরা। এরপর জাতীয় সংগীত গেয়ে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর চলে উদ্বোধনী পর্বের আলোচনা।

আজ দিনব্যাপী রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রযুক্তি মেলা পরিদর্শন, পরীক্ষাসহ নানা কিছু।

ফিজিক্স অলিম্পিয়াডের নিবন্ধন চলছে

এবার ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে। ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘এ’ ক্যাটাগরি, ৭ম থেকে ৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘বি’ ক্যাটাগরি, ৯ম থেকে ১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘সি’ ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা রয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে।

চলতি বছর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াড। এ লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৩তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। প্রথমে অনলাইনে আয়োজিত হয়েছে বাছাই পর্ব। এ পর্বের বিজয়ীরা অংশ নেয় ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে।

জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাই করা প্রার্থীদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। সে দলটিই জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের সাংস্কৃতিক আয়োজনে উপভোগ করছে শিক্ষার্থীরা

এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে বিডিকম।