ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের সভাপতি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে রাজধানীর বনানীতে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসের অভিযান চালানো হয়। ঢাকা; ২৬ জুন, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের সভাপতি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে রাজধানীর বনানীতে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসের অভিযান চালানো হয়। ঢাকা; ২৬ জুন, ২০২৬

ছুটির দিনেও টাস্কফোর্সের ডেঙ্গুবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে সরকারি ছুটির দিনেও মাঠে নেমেছে নবগঠিত জাতীয় টাস্কফোর্স। কমিটি গঠনের পর টানা তৃতীয় দিনের মতো আজ শুক্রবার রাজধানীর বনানীতে অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি মীর শাহে আলমের উপস্থিতিতে বনানীর ১৮, ২১ ও ২৪ নম্বর সড়কে লার্ভা অনুসন্ধান ও ধ্বংসের অভিযান চালানো হয়। অভিযানে বাসাবাড়ি, সরকারি কোয়ার্টার, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকা পরিদর্শন করা হয়।

বনানীর ২৪ নম্বর সড়কের একটি নির্মাণাধীন আবাসিক ভবনকে আগে সতর্ক করা হলেও সেখানে আবার এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার দণ্ডবিধির ২৬৯ ধারায় ভবন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কাউকে জরিমানা বা কারাগারে পাঠানো তাঁদের মূল উদ্দেশ্য নয়। মানুষের জীবন রক্ষা এবং ডেঙ্গুমুক্ত নগর গড়াই এই অভিযানের লক্ষ্য। সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি প্রতি তিন দিন পরপর বাড়ির ছাদ, আঙিনা, বেজমেন্ট, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি ফেলে দেওয়ার আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, টানা তিন দিনের অভিযানে বনানীর সরকারি কোয়ার্টার ও আশপাশের পরিদর্শন করা প্রায় ৫০ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। বর্ষা সামনে রেখে তিন মাসের বিশেষ কর্মসূচির আওতায় প্রতিদিন পরিচ্ছন্নতা, ওষুধ ছিটানো ও লার্ভা ধ্বংসের কাজ চলছে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটির সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং কার্যক্রম পর্যবেক্ষণের জন্য গত মঙ্গলবার টাস্কফোর্স গঠন করা হয়। পরদিন গুলশানে এবং গতকাল বৃহস্পতিবার জিগাতলা ও কুতুবখালী খাল এলাকায় অভিযান চালানো হয়।