ঢাবি ক্যাম্পাসে যত্রতত্র মূত্রত্যাগ ঠেকাতে গণশৌচাগার স্থাপনের দাবি

খোলা জায়গায় প্রস্রাব করা হয়, ক্যাম্পাসের এমন বেশ কিছু স্থানে দড়ি দিয়ে ঘেরাও করে দিয়েছেন তিন শিক্ষার্থী
ছবি: প্রথম আলো

রাজধানীবাসীর অনেকের আড্ডা বা পরিবারসহ ঘোরাঘুরির অন্যতম কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ প্রতিদিনই ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ (টিএসসি) বিভিন্ন এলাকায় ভিড় জমান বহু মানুষ। এ ছাড়া ক্যাম্পাস এলাকায় অনেক ভাসমান মানুষের বসবাস। কিন্তু জনবহুল এ এলাকায় গণশৌচাগার নেই বললেই চলে। এ কারণে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় খোলা জায়গায় অবাধে মলমূত্র ত্যাগ করেন আগত লোকজন। এর ফলে ওই জায়গাগুলো সব সময় অপরিচ্ছন্ন থাকে, ছড়ায় দুর্গন্ধ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একাধিক গণশৌচাগার স্থাপনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী৷

শিক্ষার্থীরা হলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল কাদের ও সৈয়দ মেজবাহ উদ্দিন এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের একই বর্ষের ছাত্রী নিশীতা দাশ। অনেকেই খোলা জায়গায় প্রস্রাব করেন, ক্যাম্পাসের এমন কিছু স্থান গত বৃহস্পতিবার তাঁরা দড়ি দিয়ে ঘেরাও করে দেন। একই সঙ্গে সেখানে জনসচেতনতামূলক পোস্টারও সাঁটিয়ে দেন তাঁরা।

এরপর আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কার্যালয়ে গিয়ে কথা বলেন ওই তিন শিক্ষার্থী। প্রক্টরকে তাঁরা একটি লিখিত আবেদনও দেন। এতে বলা হয়, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণশৌচাগারের সংখ্যা খুবই নগণ্য। এর ফলে বহিরাগত ও রিকশাচালকেরা যত্রতত্র মলমূত্র ত্যাগ করে ক্যাম্পাসের পরিবেশ অবর্ণনীয়ভাবে নষ্ট করে ফেলছেন। রাস্তায় যানজট আর ফুটপাতে প্রস্রাবের কারণে শিক্ষার্থীদের ক্যাম্পাসে হাঁটাচলা করা একেবারেই দুরূহ হয়ে পড়ছে। এমন অবস্থায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একাধিক গণশৌচাগার স্থাপন করা গেলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। বিকল্প ব্যবস্থা তৈরি না করলে ক্যাম্পাসে যত্রতত্র প্রস্রাব করা ঠেকানো যাবে না।  শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে বাধিত করবেন।’

জানতে চাইলে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, তিনজন শিক্ষার্থী এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে। ক্যাম্পাসের জায়গাগুলো যেন কেউ অপব্যবহার করতে না পারে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সিটি করপোরেশনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তবে ক্যাম্পাসে গণশৌচাগার স্থাপন এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কাজ নয়। করোনাকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে (জগন্নাথ হল ও কেন্দ্রীয় খেলার মাঠের দেয়াল ঘেঁষে) কিছু গণশৌচাগার স্থাপন করার পর ফলাফল...(সন্তোষজনক নয়)। ওই জায়গাগুলো আরও নষ্ট হয়ে গেছে। শৌচাগারগুলো এবং ওই স্থানগুলো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়গুলো তিন শিক্ষার্থীকে বুঝিয়ে বলা হয়েছে।