রাজধানীর পৃথক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের একজন ফল ব্যবসায়ী ইউসুফ হাওলাদার (৬৫)। আরেকজন নারী, তাঁর নাম–পরিচয় জানা যায়নি।
নিহত ব্যক্তিদের স্বজন ও পুলিশ সূত্র জানায়, ডেমরা এলাকায় ফলের ব্যবসা রয়েছে ইউসুফের। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় একটি অটোরিকশা পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, নিহত ইউসুফের বাড়ি পটুয়াখালীর বাউফল লক্ষ্মীপাশা গ্রামে। তাঁর বাবা মৃত কাদের হাওলাদার। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
এদিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী মারা গেছেন। তাঁর নাম–পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে রাস্তা পার হওয়ার সময় একাধিক গাড়ির চাকায় পিষ্ট হন ওই নারী। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।