
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু ও মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগে করা মামলায় চিকিৎসক বেগম মাকসুদা ফরিদা আক্তারকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নবজাতকের বাবা মুহাম্মদ ইয়াকুব আলী চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু ও স্ত্রীর জীবন মৃত্যুঝুঁকিতে ফেলা হয়েছে—এমন অভিযোগ এনে সেন্ট্রাল হাসপাতালের ছয়জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় গত ১৪ জুন ওই মামলা করেন। মামলায় কয়েকজন ‘অজ্ঞাতনামা’ আসামির কথাও উল্লেখ করা হয়েছে। মামলার পর সেন্ট্রাল হাসপাতাল থেকে চিকিৎসক মুনা ও শাহজাদীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। তাঁরা জামিন চেয়ে আবেদন করলে ২১ জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই চিকিৎসকের জামিন নামঞ্জুর করেন।
ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন চিকিৎসক বেগম মাকসুদা। আজ তিনি আদালতে হাজির ছিলেন। আদালতে মাকসুদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী বাপ্পী।
পরে সুজিত চ্যাটার্জী বাপ্পী প্রথম আলোকে বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় ডা. মাকসুদা ফরিদাকে আগাম জামিন না দিয়ে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। এ সময়ে তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে বলা হয়েছে।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, কুমিল্লার তিতাস উপজেলা থেকে অন্তঃসত্ত্বা মাহবুবা রহমানকে (২৫) ৯ জুন রাজধানীতে এনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাহবুবাকে যে চিকিৎসকের অধীন ভর্তি করা হয়, তিনি তখন দেশের বাইরে। এ বিষয় রোগী বা স্বজনদের জানানো হয়নি। অন্য চিকিৎসকেরা তাঁর স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হন। পরে অস্ত্রোপচার করা হয়। ১০ জুন নবজাতকের মৃত্যু হয়। আর মাহবুবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তখন ধানমন্ডির আরেকটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। মাহবুবা রহমান ১৮ জুন মারা যান।