রাজধানীর দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে আশকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই তিন শিক্ষার্থী হলো রবিউল ইসলাম, মো. জুনায়েদ ও ওমর ফারুক। তাদের বয়স ১৫-১৬ বছরের মতো। তিনজনই মাদ্রাসার ছাত্র।
দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে তিন ছাত্র একটি মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল ওমর ফারুক। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশকোনা এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কে ছিটকে পড়ে তারা।
ওসি বলেন, তিনজনের মধ্যে রবিউল ঘটনাস্থলেই মারা যায়। অপর দুজনকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুনায়েদের মৃত্যু হয়। আর অবস্থার অবনতি হওয়ায় ফারুককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শেষপর্যন্ত তাকেও বাঁচানো যায়নি।
নিহত ওমর ফারুকের পরিচিত মোহাম্মদ হোসেন জানান, আশকোনার একটি মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র ছিল ফারুক। তার বাবার নাম মো. রাজন। নারায়ণগঞ্জের রূপসী এলাকায় থাকে তার পরিবার। আর ফারুক ওই মাদ্রাসায় থেকেই পড়ালেখা করত।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার ওই মাদ্রাসায় ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ফারুকের বাবা তাঁর মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় এসেছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে বাবার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয় তিন বন্ধু।
ওসি সিদ্দিকুর রহমানের ভাষ্য, বেপরোয়া গতিতে চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।