রাজধানীর মিরপুরে একটি বাসার পানির ট্যাংকে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার পর ৬০ ফিট বারেক মোল্লার মোড় এলাকার এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, শিশুটির নাম আবির। তার বাবা নুরুজ্জামান পেশায় বাবুর্চি।
ওসি বলেন, শিশুটি খেলতে খেলতে পাশের বাড়ির নিচতলায় চলে যায়। সেখানে পানির ট্যাংক ছিল খোলা। পানি তোলার জন্য প্রতিবারই ঢাকনা খুলতে হয়। এ কারণে ঢাকনাটি খোলা রাখা হয়। আবার সেখানে যে ঢাকনা আছে, সেটিও শক্তিশালী নয়। ফলে ওই ট্যাংকটি অরক্ষিতই বলা যায়। সেখানেই শিশুটি পড়ে যায়।
শিশুটির স্বজনেরা পুলিশকে বলেছেন, স্থানীয় লোকজন বিভিন্ন সময় পানির ট্যাংক ঢেকে রাখার জন্য বাড়িওয়ালাকে বলেছিলেন। কিন্তু বাড়ির মালিক সেটি আমলে নেননি।