আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট।
আজ বুধবার তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সময়ে এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণ হিসেবে বলা হয়, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজ করা হবে। এর ফলে আগামীকাল বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।