বইয়ের প্রতি মানুষের ভালোবাসা অনেক রকম। অচেনা মানুষের জন্য বাংলা ভাষায় বই কিনছেন ফরিদপুরের মধুখালীর সৈয়দ আবু জাফর। অস্ট্রেলিয়ার ইঙ্গেল বার্ন কাউন্সিল পাঠাগারে ৫০০ বই পাঠাবেন। গতকাল বৃহস্পতিবার লিটলম্যাগ চত্বরে দাঁড়িয়ে সৈয়দ আবু জাফর বললেন, ‘মেয়ের কাছে বেড়াতে গিয়ে দেখেছি, ওখানে অনেক বাংলা ভাষার পাঠক আছে। পাঠাগারে গিয়ে মানুষ বাংলা বই পড়বে, তাই নিজ খরচে বই কিনে পাঠাচ্ছি।’
মানুষের জন্য ভালোবাসার গল্প শুনতে শুনতে উঠে এল এবারের লিটলম্যাগ চত্বরের কথা। দেড় শতাধিক ছোটকাগজকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবার। তবে ১৫ থেকে ২০টি স্টল শেষ পর্যন্ত ফাঁকা রয়ে গেছে। ভ্রমণগদ্য লিটলম্যাগের সম্পাদক মাহমুদ হাফিজ বললেন, ‘ধরনটা বদলেছে। আগে লিটলম্যাগ বলতেই বোঝাত জনগুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে সংখ্যা। এখন সব একাকার হয়েছে।’ অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ বললেন, এখনো গুরুত্বপূর্ণ কাজ হয়। তবে সেসবের অধিকাংশ লিটলম্যাগ প্রকাশিত হয় বিভিন্ন জেলা শহর থেকে।
এবারের মেলায় বই বিক্রি ও প্রকাশের সংখ্যা নিয়েও ভিন্ন ভিন্ন মত দেখা যাচ্ছে। শোভা প্রকাশের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান জানালেন, প্রতিবার তাঁদের শতাধিক নতুন বই হলেও এবার মাত্র পাঁচ থেকে ছয়টি বই এনেছেন। পাশেই অনিন্দ্য প্রকাশে তখন নিতিনা আর স্বপ্নখুনি নামে দুটি বই সাজানো হচ্ছে ডাই করে। বিপণনকর্মীরা জানালেন, এ দুটি বই আনা হয়েছে এক হাজার কপি। বইমেলার এই যে নানা রকম অবস্থা, এ প্রসঙ্গে জানতে চাইলে জার্নিম্যান বুকসের প্যাভিলিয়নে বসে ইতিহাসবিদ মুনতাসীর মামুন বললেন, ‘মেলায় দুই রকম পাঠক আসেন। এক পক্ষ শুধু প্রকাশক এবং বইয়ের নাম নির্ধারণ করেই বই কিনতে আসে। আরেক পক্ষ ঘুরে ঘুরে দেখে। পছন্দ হলে কেনে। সংকট হচ্ছে এত রকম প্রকাশনী আর এত বেশি বইয়ের মাঝে আসল বইগুলো হারিয়ে যায়।’
জার্নিম্যান বুকসের প্রদর্শনী টেবিলে রাখা অনেকগুলো সুন্দর বইয়ের মধ্যে তখন উঁকি দিচ্ছে একটা নান্দনিক বই। সেখানে লেখা, ‘তিনি আমাদেরই/ আমরা যারা ছায়াকে ছায়া/ মায়াকে মায়াই মনে করি/ তিনি আমাদেরই’। নাট্যজন আফজাল হোসেনের কবিতা। কাকতালীয়ভাবে লেখকের সঙ্গে দেখা সময় প্রকাশনে। আফজাল হোসেন বললেন, ‘আমরা নিজেরা ধুলোকাদার মানুষ। একসময় বইমেলায় আসা যে আবেগের ছিল, এখন তেমনটা বদলেছে। মেলার পরিসর বড় হয়েছে। বইয়ের সংখ্যা বেড়েছে। তবে শেলফে রাখলে সব দেখতে একরকম। প্রকাশনায় আরও একটু যত্ন হলে ভালো হতো।’ আফজাল হোসেনের এবারের মেলায় প্রকাশিত কবিতার বইটির নাম আমরা ধুলোকাদার: আমরা আদর্শলিপির।
সময় প্রকাশন থেকে বের হয়ে মেলা ছেড়ে আসার সময় দেখা সাংবাদিক রাজীব কান্তি রায়ের সঙ্গে। দুই ব্যাগভর্তি পেটমোটা সাতটি বই কিনেছেন। সব প্রথমা প্রকাশনের বই কেন জানতে চাইলে বললেন, ইতিহাসনির্ভর বইগুলোর ক্ষেত্রে প্রথমার গবেষণা কাজে নির্ভর করা যায়। প্রথমা প্রকাশনে আলী রীয়াজের লেখা ট্রায়ালস অ্যান্ড ট্রাইব্যুলেশনস খুঁজেছেন রাজীব কান্তির মতো সিরিয়াস পাঠকেরা। এই পাঠক ইউপিএল বা ঐতিহ্য প্রকাশনী থেকেও বই কিনবেন বলে জানালেন।
ঐতিহ্যে এবার নতুন বইয়ের সংখ্যা দুই শতাধিক। এখানে আতিউর রহমানের লেখা বাংলাদেশের অর্থনীতির সমকালীন গতি–প্রকৃতির মতো গুরুগম্ভীর বইয়ের পাঠক যেমন আছে, তেমনি আছে সমাজ এবং চারপাশের বৈষম্য নিয়ে স্নিগ্ধা রেজওয়ানার লেখা নারীসত্তার অন্বেষণের মতো বইয়ের পাঠক। মোহাম্মদ আজমের মিখাইল বাখতিন যাপিত জীবন ভাষা ও উপন্যাস বইটির প্রকাশক প্রকৃতি, তবে মেলায় পাওয়া যায় বাংলার ধরিত্রী স্টলে। গতকাল মেলায় নতুন বই এসেছে ৭৮টি।
মেলা থেকে ফেরার পথে সৈয়দ আবু জাফরকে দেখে আবার থামতে হলো লিটলম্যাগ চত্বরে। সতীর্থদের সঙ্গে আলোচনা করছিলেন বই পাঠানোর ব্যবস্থা নিয়ে। বললেন অস্ট্রেলিয়ায় ৫০০ বই জাহাজে পাঠালে খরচ কম হবে। বেঁচে যাওয়া সে টাকায় আরও কয়েকটি বই হয়। বই এবং মানুষের প্রতি ভালোবাসা মিলেমিশে গেল মেলার মাঠে একজন মানুষের একটি উদ্যোগের গল্পে।