ডেঙ্গুতে মৃত্যু নেই, নতুন রোগী ভর্তি ২২৪ জন

ডেঙ্গু যেন ছড়িয়ে না পড়ে সে জন্য হাসপাতালে মশারি টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ২২৪ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি। চলতি বছরে এখন পর্যন্ত ২৬৬ জন ডেঙ্গুতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ১১৯ জন, ঢাকার বাইরে ১০৫ জন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৫২২। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২২৩ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ২৯৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে রোগী ভর্তি ৫২৩ জন। ঢাকার বাইরের হাসপাতালে ৪৫৭ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৬৬ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১০২ জন।

চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪০ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত মাসে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৪ জন। তবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্টোবরে। ওই মাসে ২১ হাজার ৯৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান ৮৬ জন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।