জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিশেষ বৃত্তি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের দুজন শিক্ষার্থীর হাতে প্রতীকীভাবে বিশেষ বৃত্তির চেক তুলে দেওয়া হয়। পরে বৃত্তির জন্য মনোনীত সব শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বরে বৃত্তির অর্থ পাঠানো হবে বলে জানানো হয়।

এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। বৃত্তির আওতাভুক্ত শিক্ষার্থীরা ৯ হাজার টাকা করে পাচ্ছেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন বলেন, দীর্ঘ ১৪ মাস পর হলেও শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দিতে পেরে তিনি সন্তুষ্ট। শিক্ষার্থীদের ন্যায্য দাবির অংশ হিসেবেই এই বৃত্তি বাস্তবায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিন মাসের মধ্যে বৃত্তির অর্থ প্রদানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে পেরে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমসাময়িক অন্যান্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে তাঁদের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় এই বৃত্তির অর্থ প্রদানের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘ ১৪ মাস পর হলেও শিক্ষার্থীদের কাছে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।