
রাজধানীর কামরাঙ্গীরচরে বুধবার দিবাগত রাতে মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাদশা মিয়া (৫২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় থাকতেন।
বাদশা মিয়ার ছেলে আল-আমিন প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে তাঁর বাবা বাড়িতে ফেরেন। মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। উদ্ধার করে রাত ১১টার দিকে বাদশা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে কামরাঙ্গীরচর থানা-পুলিশকে জানানো হয়েছে।
বাদশা মিয়ার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনের বোনোয়াকান্দিতে। তাঁর বাবার নাম আক্কেল আলী।