শাহবাগ, মৎস্য ভবন এলাকাসহ আশপাশের সড়কে তীব্র যানজট

যানজটের কারণে অনেকে হেঁটে গন্তব্যের পথে রওনা হন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা, ঢাকা, ১১ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন এলাকাসহ আশপাশের সড়কে তীব্র যানজট হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার পর থেকে এসব এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে তা বাংলামোটর, কারওয়ান বাজার, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, গুলিস্তান ও পুরানা পল্টন এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় যানজটে আটকে পড়ে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করা হয়। যে শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। এ শোভাযাত্রায় যোগ দিতেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে বাস, ট্রাক ও পিকআপে করে আওয়ামী যুবলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। এর কারণেই মূলত শাহবাগ ও মৎস্য ভবন এলাকাকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উন্নয়ন শোভাযাত্রার আগে একটি সমাবেশ করা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সামনের সড়কে একটি ভ্রাম্যমাণ ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীরা সেখানে জড়ো হচ্ছেন। তাঁদের কেউবা বাসে করে, কেউবা ট্রাক কিংবা পিকআপ ভ্যানে সমাবেশে যোগ দেন।

নেতা-কর্মীদের নিয়ে আসা মিছিলের ভিড়ে এবং শোভাযাত্রার আগে সড়কে অবস্থানের কারণে মাওলানা ভাসানী সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কটির অন্য পাশেও রাখা হয় নেতা-কর্মীদের আনা যানবাহন। এতে বেলা তিনটার দিকে ওই পাশের সড়ক দিয়েও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাফিক পুলিশের সদস্যদের তৎপরতায় এক সারিতে করে থেমে থেমে কিছু যানবাহন চলতে থাকে।

তবে সমাবেশ চলাকালে মিছিলের মাঝে মৎস্য ভবনের দিকে থেকে শাহবাগের দিকে যাওয়া অনেক বাসকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আটকে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় আটকে থাকার কারণে এসব বাসের যাত্রীরা নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়া শুরু করেন।

শিকড় পরিবহন নামে একটি বাসের যাত্রী বাবলু হাসান তাঁদেরই একজন। তিনি বলেন, ‘গুলিস্তান থেকে ফার্মগেট যাচ্ছিলাম। দুপুর সাড়ে ১২টায় গুলিস্তান থেকে রওনা হয়েছি। ঠেলতে ঠেলতে রমনা পার্ক পর্যন্ত এসেছি দেড় ঘণ্টায়। এসে দেখি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তাই বাস থেকে নেমে গেলাম।’

রাজধানীতে উন্নয়ন শোভাযাত্রায় যোগ দেন যুবলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। ঢাকা, ১১ নভেম্বর

এদিকে যুবলীগের এ কর্মসূচির কারণে ওই এলাকার সায়েন্স ল্যাব মোড় থেকে শাহবাগের দিকে যাওয়ার এলিফ্যান্ট রোড, রমনা পার্কের পাশে মিন্টো রোড, হেয়ার রোড, কাকরাইল সড়ক, কাজী নজরুল ইসলাম সড়ক, তোপখানা সড়কসহ আশপাশের সড়কে তীব্র যানজট দেখা গেছে। শাহবাগ এলাকায় অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

শাহবাগ এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দুপুরের পরই যানজট শুরু হয়ে যায়। শোভাযাত্রার কারণে বিকল্প পথ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হেয়ার রোড ও মিন্টো রোড দিয়ে বাস পার করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ বিকেল সাড়ে চারটার দিকে যুবলীগের শোভাযাত্রার আগের সমাবেশ শেষ হয়। শপথবাক্য পাঠ করার পর বিকেল পৌনে পাঁচটার দিকে উন্নয়ন শোভাযাত্রা শুরু করা হয়, যা ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত যাবে। এ সময় নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি—ওই সব এলাকাতেও তীব্র যানজটের সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।