
উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব ‘পয়লা বৈশাখ ১৪৩৩’। দিনব্যাপী আয়োজনে ছিল র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।
মঙ্গলবার দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাব ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস’ (ইসিপিএ)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় দেশের বরেণ্য সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের শিল্পীরা সমবেত সংগীত ও নাটক পরিবেশন করেন। উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড চিরকুটের পরিবেশনা।
বিকেলের আয়োজনে ইসিপিএর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশন করেন। উৎসব শেষ হয় জনপ্রিয় ব্যান্ড মেঘদলের পরিবেশনার মধ্য দিয়ে।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ছিল ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’। বিভিন্ন স্টলে ছিল দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, গয়না ও প্রসাধনসামগ্রী।
উৎসবের আয়োজনে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, সহ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহি চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।