রাজধানীর মিরপুরের পল্লবীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আজ বেলা দেড়টার দিকে মিরপুর-১১ নম্বরের প্রধান সড়কে অবরোধ করা হয়।
বেলা ৩টার দিকে এই প্রতিবেদন লেখার সময় অবরোধ চলছিল। বিক্ষোভ ও অবরোধের কারণে মিরপুর-১১ নম্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, পল্লবীর ৭ নম্বর সেকশনের অ্যালায়েন্স ভবনে অবস্থিত এস এম ফ্যাশন কারখানার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন–ভাতা গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) পরিশোধ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মালিকপক্ষ বেতন–ভাতা পরিশোধ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আজ সড়কে নেমে বিক্ষোভ করছেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, কয়েক দফা আশ্বাসের পরও বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। অবিলম্বে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে থানা-পুলিশের দল পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।