প্রতিবাদ সভায় বক্তারা

উত্তরায় হস্তীশাবকের মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড

ট্রেনের ধাক্কায় হস্তীশাবকের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন প্রাণীপ্রেমীরা
ছবি: প্রথম আলো

বন অধিদপ্তর হাতি লালনপালনের জন্য লাইসেন্স দেয়। তবে লাইসেন্স পাওয়ার পর হাতিগুলো কোথায় বা কী কাজে ব্যবহার করা হচ্ছে, হাতবদল হচ্ছে কি না, তা নিয়ে বন বিভাগের নজরদারি বা কোনো পদক্ষেপ চোখে পড়ে না। গাড়ি থামিয়ে দোকানে দোকানে হাতি দিয়ে চাঁদা সংগ্রহ করার বিষয়টি নিত্য ঘটনায় পরিণত হয়েছে। এমন অবস্থায় বন্দী হাতির ওপর নির্যাতন ও হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধে একজোট হয়েছেন প্রাণীপ্রেমীরা।

গতকাল বুধবার বেলা দুইটার দিকে ঢাকার উত্তরার কোর্টবাড়ী লেভেল ক্রসিং এলাকায় একটি হস্তীশাবক ট্রেনের ধাক্কায় মারা যায়। হস্তীশাবকের সঙ্গে মা হাতিও ছিল। দুর্ঘটনার পর হাতিটি রেললাইনের ওপর আটকে থাকে। পরে ক্রেনের সাহায্যে রেললাইন থেকে হাতিটি সরানো হয়। এ সময় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। মা হাতি ও দুই মাহুতকে খুঁজে পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সামনে বন্দী হাতির ওপর নির্যাতন ও হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন প্রাণীপ্রেমীরা। এ সময় অবস্থান কর্মসূচি পালন করেন প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধ, নতুন করে হাতি লালনপালনের লাইসেন্স দেওয়া বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। প্রাণীপ্রেমীরা প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সঙ্গে দেখা করে বিভিন্ন দাবির কথা জানান।

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্থপতি রাকিবুল হক (এমিল) বলেন, হস্তীশাবকের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। এটি অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ঘটা একটি হত্যাকাণ্ড। রেলওয়ে কর্তৃপক্ষ রেল চলাচল নির্বিঘ্ন রাখার জন্য হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মৃত হাতিকে রেললাইন থেকে সরিয়ে রাখে। কিন্তু ঘটনার ৮ ঘণ্টা পরও রাত ১০টা পর্যন্ত বন বিভাগের কারও উপস্থিতি দেখা যায়নি।

পরে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, লাইসেন্স আছে এমন হাতির তালিকাটি ১৫ জুনের মধ্যে প্রকাশ করা হবে। দলছুট, মা–হারা কিংবা লাইসেন্স বাতিল করে জব্দ করা কোনো হাতি পাওয়া গেলে সেগুলো রাখার জন্য সিলেটে একটি হাতির অরফানেজ করার প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে।

প্রাণীপ্রেমীরা হরিণ ও হাতি লালন–পালন বিধিমালা ২০১৭ বাতিল করা, ব্যক্তিমালিকানায় নতুন কোনো লাইসেন্স না দেওয়া এবং বাংলাদেশে একটি হাতির অভয়ারণ্য তৈরির যে দাবি জানিয়েছেন, সেসব বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু জানাতে পারেননি প্রধান বন সংরক্ষক।