গুলিস্তানে মার্কেটের পার্কিং উদ্ধারে অভিযান, দুই পক্ষের সংঘর্ষ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটের ভূগর্ভস্থ তলায় (বেজমেন্ট) দখল হয়ে যাওয়া গাড়ি রাখার জায়গা (পার্কিং) উদ্ধারে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় মার্কেট কমিটির লোকজনের সঙ্গে ডিএসসিসি ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সমর্থকদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে জাকের সুপার মার্কেট কমিটির সভাপতি ফিরোজ আহমেদসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ফিরোজ আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, চার তলা জাকের সুপার মার্কেটের ভূগর্ভস্থ তলায় পার্কিংয়ের জায়গা কাপড় ভর্তি কার্টন রেখে দখল করে রেখেছিলেন ওই মার্কেটের ব্যবসায়ীরা। এক ঘণ্টার অভিযানে সেসব কার্টন জব্দ করে পার্কিংয়ের জায়গাটি উদ্ধার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত জাকের সুপার মার্কেটের ভূগর্ভস্থ তলায় কাপড়ের কার্টনগুলো জব্দ করছিলেন। এ সময় মার্কেট কমিটির সভাপতি ফিরোজ আহমেদের নেতৃত্বে ব্যবসায়ীরা বাধা দেন। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়ালের নেতৃত্বে তাঁর সমর্থকেরা ফিরোজ ও তাঁর অনুসারীদের নিবৃত করার চেষ্টা করেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ফিরোজ আহমেদসহ কয়েকজন আহত হন।

সংঘর্ষের পর ফিরোজ আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্য একটি হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষে তাঁর পা জখম হয়েছে।

খবর পেয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতকে ঘেরাও করার চেষ্টা করলে থানা–পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান জানান, পার্কিংয়ে জায়গাটি উদ্ধার করার পর এখন সেটি ইজারা দেওয়া হবে। সেজন্য সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।