বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন ফারহানা নীলা। তাঁকে ঢাকার বিভিন্ন জায়গায় যেতে হয়। সে জন্য ভাড়ায়চালিত (রাইডশেয়ারিং) মোটরসাইকেলে চলাচল করেন তিনি।
আজ রোববার সকালে অফিসের কাজে মিরপুরের ইসিবি চত্বর থেকে গুলশান-২–এর ৭০ নম্বর সড়কে যান ফারহানা। সেখানেই তাঁর সঙ্গে কথা হয়।
ফারহানা বলেন, ‘আগে ইসিবি চত্বর থেকে এখানে আসতে ১০০ টাকার মতো ভাড়া লাগত। আজকে ১৪০ টাকা দিয়ে আসতে হয়েছে। বাইকার জ্বালানি তেলের সংকট আর দাম বেড়ে যাওয়ার কথা বলেছেন।’
বৈশ্বিক জ্বালানিসংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। জানানো হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে।
এরই মধ্যে জনজীবনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই ফারহানা নীলার মতো অফিসগামী অনেককে ভাড়ায়চালিত মোটরসাইকেলে আগের চেয়ে বেশি ভাড়া দিতে হয়েছে।
তবে মোটরসাইকেলের চালকদের ভাষ্য, একে জ্বালানি তেল পাওয়া দুষ্কর, তার ওপর দাম বাড়ানো হয়েছে। তাই তাঁদের ভাড়া বেশি নিতে হচ্ছে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আজ সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেলে গুলশানে যান এই প্রতিবেদক। ওই বাইকের চালক মো. মুসা খন্দকার বলেন, গত রাতে প্রায় সাত ঘণ্টার মতো লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিয়েছেন। এরপর জ্বালানি তেলের দাম বাড়ার খবর শোনেন।
মুসা খন্দকার আরও বলেন, ‘তেল নিতেই অনেক সময় চলে যায়। এখন আবার দাম বাড়ছে। ভাড়া তো বাড়বেই। অ্যাপগুলো ভাড়া সমন্বয় না করলে, আমাদের একটু বেশি টাকা চেয়ে নিতে হবে।’
গুলশানে কথা হলো জাফর ইকবালের সঙ্গে। তিনি থাকেন মোহাম্মদপুরের বছিলায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুবাদে প্রতিদিন মোটরসাইকেলে গুলশানে আসতে হয়। তিনি জানালেন, সকালে একটি রাইডশেয়ারিং অ্যাপে মোটরসাইকেল ডেকে বছিলা সেতুসংলগ্ন এলাকা থেকে এসেছেন। ভাড়া লেগেছে ২৪০ টাকা।
জাফর ইকবাল আরও বলেন, ‘গতকাল বিকেলে অফিস থেকে ফেরার সময় ভাড়া লেগেছিল ১৮৭ টাকা। আজ সকালেই তা ২৪০ টাকা হয়েছে। আমার নিজের মোটরসাইকেলে তেল না থাকায় ভাড়ায় পাওয়া মোটরসাইকেলে আসতে হচ্ছে।'
রাজধানীর ফার্মগেট থেকে গুলশান-২–এ এসেছেন নাজহাতুল ত্বোয়া। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই নারী তিন দিন ধরে এখানে একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। গত দুই দিনের তুলনায় আজ তাঁকে বেশি ভাড়া দিতে হয়েছে।
নাজহাতুল বলেন, ‘গতকাল একটি রাইডশেয়ারিং অ্যাপে ডাকা মোটরসাইকেলে ১৫০ টাকা ভাড়ায় এসেছিলাম। আজ সকালে দিতে হয়েছে ২২০ টাকা।’