ফারিনা সামহির প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ শুরু হচ্ছে ১ আগস্ট

চিত্রশিল্পী ফারিনা সামহি নিথীর প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ শুরু হতে যাচ্ছে আগামী ১ আগস্ট (শনিবার)। রাজধানীর বনানীর এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলা মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে ওই দিন বিকেল চারটায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।

ভার্টেক্স চেম্বারস ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা ফারিনার বাছাই করা কিছু চিত্রকর্ম প্রদর্শিত হবে। শব্দে যা বলা যায় না, রং, আকার ও অবয়বের মাধ্যমে তা প্রকাশ করা যায় বলে বিশ্বাস করেন ফারিনা। সেই ভাবনা থেকেই তাঁর প্রথম একক প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’।

শ্রবণপ্রতিবন্ধী শিল্পী ফারিনা বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে তাঁর শিল্পচর্চা ও কাজের ধরনকে আরও সমৃদ্ধ করেছেন। এ ছাড়া বিভিন্ন দলীয় প্রদর্শনীতেও তাঁর কাজ স্থান পেয়েছে। ২০১৭ সালে কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) আয়োজিত আন্তর্জাতিক দলীয় শিল্প প্রদর্শনী এবং ২০২৩ সালে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্প প্রদর্শনীতে তাঁর কাজ প্রদর্শিত হয়।

প্রদর্শনীটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকবে।