চিকিৎসক দেখাতে বেরিয়ে ৬ দিন ধরে নিখোঁজ নাজরীন

নাজরীন আক্তার
ছবি: সংগৃহীত

গৃহবধূ নাজরীন আক্তার ওরফে নাছিমা পাঁচ দিন ধরে নিখোঁজ। গত সোমবার দুপুর ১২টার দিকে তিনি কেরানীগঞ্জের মান্দাইল এলাকার ভাড়া বাসা থেকে চিকিৎসক দেখানোর কথা বলে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বাসা থেকে বের হওয়ার সময় তিনি মুঠোফোনটি নেননি।

এ ঘটনায় ওই দিনই নাজরীনের স্বামী মো. ফয়জুল হোসেন কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নাজরীনের বয়স ৪৩ বছর। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে সবুজ রঙের বোরকা ও কালো রঙের ওড়না ছিল। তাঁর উচ্চতা মাঝারি। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বাজিতপুর গ্রামে।

নাজরীনের ছোট ভাই মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর বোনের তিন সন্তান রয়েছে। তিনি হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবারের সবাই উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। তাঁর নিখোঁজ হওয়ার কোনো কারণও খুঁজে পাচ্ছেন না তাঁরা। মনিরুজ্জামান মনে করেন, পুলিশ আন্তরিক হলেই তাঁর বোন উদ্ধার হতে পারে।

জিডির তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ আহমেদ আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, নাজরীনের খোঁজ পেতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নাজরীন বাসা থেকে বেরিয়ে একটি অটোরিকশায় ওঠেন। সেই অটোরিকশাটি কেরানীগঞ্জের কদমতলী পর্যন্ত পৌঁছায়। এরপর রাস্তার আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় অটোরিকশাটি সর্বশেষ কোথায় গেল, তা আর জানা যায়নি। নাজরীনের সঙ্গে মুঠোফোন না থাকায় তাঁর অবস্থান জানতেও বেগ পেতে হচ্ছে পুলিশকে।