চীনের ‘চাও চাও’ প্রজাতির কুকুরটির গলায় বাঁধা রশিটি ধরে রেখেছেন এক তরুণ। এর মধ্যেই কুকুরটি শান্ত ভঙ্গিতে এদিক-ওদিক ছোটাছুটি করছে। তবে শিশুরা মোটেও ভয় পাচ্ছিল না। তারা কুকুরটির সঙ্গে খুনসুটি করছিল, গায়ে হাত বুলিয়ে আদর করছিল। কুকুরটিও বেশ উপভোগ করছিল। কুকুরটিকে আদর করতে করতে ছোট্ট শিশু আরহাম বলল, ‘কুকুরটা ভদ্র, কিছু কয় না।’ আরহামের পাশে থাকা অন্য শিশু ও তাদের বাবা-মায়েরাও বলে উঠলেন, ‘কুকুরটা আসলেই ভদ্র।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ মেলার প্রথম দিনে এই দৃশ্য দেখা গেল। মেলায় ‘চাও চাও’ প্রজাতির কুকুরটিকে প্রদর্শনের জন্য নিয়ে এসেছে ‘আইকনিক বাংলা পেট শেল্টার’ নামের একটি সংগঠন।
মেলায় ‘আবিদের পোষা প্রাণী’ নামের একটি স্টলে কয়েকটি ‘ইমু পাখি’ দেখা গেল। পাখিটির গলা বেশ লম্বা। একটি ইমু পাখি বারবার স্টলের এদিক-ওদিকে মুখ উঁচু করে ঘুরছিল। একটি শিশু বারবার পাখিটির কাছে যেতে চাইলে বাবা তাকে নিবৃত্ত করছিল। তাঁর ভয় পাখিটি হয়তো ঠোকর দিতে পারে। কিন্তু একপর্যায়ে পাখিটির মুখ কিছুটা নিচের দিকে নামলে শিশুটি তাতে হাত দেয়। ইমু তাকে কিছুই করেনি। শিশুটি তখন হাততালি দিয়ে বলতে থাকে ‘পাখি আমাকে ঠোকর দেয়নি’।
উদ্বোধনের পর আজ বেলা তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত প্রাণিসম্পদ মেলা ঘুরে দেখেছেন এই প্রতিবেদক। সেখানে এমন নানা দৃশ্য দেখা গেল। মা–বাবার হাত ধরে মেলায় ঘুরতে আসা শিশুদের ছাড়াও দেখা গেল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পেশাজীবী মানুষকে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তাঁরা পশু ও পাখি দেখছিলেন। অনেকেই পশু-পাখির ছবি তুলছিলেন, কেউ কেউ সেলফি তুলছিলেন। শিশুরা কোনো কোনো পশু-পাখির সঙ্গে খুনসুটিতে মেতেছিল।
সকাল সাড়ে নয়টায় তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার পর্যন্ত মেলা চলবে। এবারের মেলার প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। মোট ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়নে মেলা জমে উঠেছে। মেলায় আনা পশু-পাখির অনেকগুলো বিক্রির জন্য, কোনো কোনোটি আবার শুধু প্রদর্শনের জন্য।
১২ লাখের ষাঁড়, ৩ লাখের দুম্বা, আড়াই লাখের খাসি
প্রাণিসম্পদ মেলায় দুটি বিশাল আকৃতির ষাঁড় নিয়ে এসেছে ঢাকার বিরুলিয়ার ‘ম্যাক’স অর্গানিক অ্যাগ্রোটেক’ নামের একটি খামার। সবচেয়ে বড় ষাঁড়টির দাম জানতে চাইলে স্টলের একজন কর্মী জানালেন, দাম ১২ লাখ টাকা। তবে দুটি ষাঁড় কিনতে একজন ১৭ লাখ টাকা পর্যন্ত বলেছেন। ২২ লাখ হলে তাঁরা দুটি ছেড়ে দেবেন।
‘আরহাম ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানের স্টলে ছিল বড় আকৃতির একটি দুম্বা ও আরেকটি খাসি। বড় দুম্বাটির দাম চাওয়া হলো তিন লাখ টাকা আর খাসিটির দাম হাঁকা হলো আড়াই লাখ টাকা।
মেলায় অন্যান্য স্টলেও বিভিন্ন দামে বিক্রি হতে দেখা গেল দুম্বা ও খাসি। সেখানে বিভিন্ন আকারের দুম্বার দাম ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা। খাসির দাম ৩০ থেকে ৮০ হাজার টাকা।
পূর্ব বাড্ডার মাহাবুল অ্যাগ্রো ফার্মের স্টলে ডরপারের দেখা মিলল। ডরপার হলো ভেড়ার একটি প্রজাতি। স্টলে থাকা চারটি ডরপারের দাম আকারভেদে ৩৫ থেকে ৭০ হাজার টাকা চাওয়া হচ্ছিল।
আড়াই লাখের পাখি, নানা জাতের মুরগি
মেলায় পাখি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘বার্ড জুমিং’-এর স্টলে গেলে যে কারও চোখ আটকে যাবে। সেখানে একটি রঙিন ম্যাকাও পাখিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ পাখিটির ছবি তুলছিলেন, কেউ পাখিটির সঙ্গে সেলফি তুলছিলেন। পাখিটি হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠছিল। এতে দর্শনার্থীরা ভয় পেয়ে সরে যাচ্ছিলেন। তবে পাখিটি কারও ওপর আক্রমণ করছিল না। ম্যাকাও পাখিটির দাম চাওয়া হচ্ছে আড়াই লাখ টাকা
পাশেই আরেকটি স্টলে আছে নানা জাতের মুরগির পসরা। সেখানে ব্রাহমা জাতের বড় আকারের মুরগিকে ঘিরে মানুষের কৌতূহল দেখা গেল। দুই জোড়া ব্রাহমা মুরগির দাম চাওয়া হচ্ছে ৪৫ হাজার টাকা।
মেলায় বিভিন্ন পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও স্টল দিয়েছে। মেলার পোলট্রি জোনে পাওয়া যাচ্ছে মুরগি, মুরগির খাবার ও মুরগির বাচ্চা। পাশেই আছে প্রাণী স্বাস্থ্যসেবার নানা অনুষঙ্গের সমাহার। এর বাইরে মেলায় আছে প্রাণিজ পণ্য রপ্তানি জোনও। এ ছাড়া নানা ধরনের খাবারের স্টলও আছে মেলা প্রাঙ্গণে।
মেলার দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার মেলা প্রাঙ্গণে থাকছে পশুদের র্যাম্প শো। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে এই আয়োজন।