ট্রেন
ট্রেন

বনানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, আহত শিক্ষার্থী ঢামেকে

রাজধানীর বনানী এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় মাহিদুল ইসলাম (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ উঠেছে, ছিনতাইকারীরা তাকে মারধর ও ধারাল ব্লেড দিয়ে আঘাত করে তার কাছ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আজ সোমবার বেলা দুইটার দিকে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহিদুলকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

হাসপাতালে মাহিদুলের বোন মার্জিয়া আক্তার প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামে। গ্রামের বাড়ি থেকে ট্রেনে করে খিলক্ষেতে তাঁর বাসায় বেড়াতে আসছিল মাহিদুল।

মার্জিয়া আক্তারের ভাষ্য, বনানী রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ভেতরে তিন–চারজন ছিনতাইকারী মাহিদুলকে মারধর করে। একপর্যায়ে তারা ধারালো ব্লেড দিয়ে তাঁর বাঁ হাতে আঘাত করে। এরপর মুঠোফোন ও সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর পথচারী সোহেলসহ কয়েকজন মাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।