
বাংলাদেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজি ক্ষেত্রে জ্ঞান বিনিময় ও রোগীর সেবার মান উন্নয়নের জন্য একাডেমিক পর্যায়ে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) এই সম্মেলনের আয়োজন করে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত চলা এই বৈজ্ঞানিক সম্মেলন ছিল ‘পেপারলেস পদ্ধতিতে’।
বিআইটি হৃদ্রোগ চিকিৎসাবিষয়ক জ্ঞান আদান-প্রদানের সহযোগিতামূলক একটি প্ল্যাটফর্ম। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় হৃদ্রোগ বিশেষজ্ঞদের পাশাপাশি জাপান, ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্যের হৃদ্রোগ বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা হৃদ্রোগের জরুরি ইন্টারভেনশনাল চিকিৎসা, প্রাইমারি পিসিআই এবং সমসাময়িক ইন্টারভেনশনাল কার্ডিওলজির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় জটিল হৃদ্রোগীদের চিকিৎসায় উন্নত ও সর্বাধুনিক পদ্ধতিগুলোর ওপর। এসব পদ্ধতি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হৃদ্রোগ বিশেষজ্ঞদের সহায়তা করবে।
সম্মেলনের প্রোগ্রাম ডিরেক্টর, বাংলাদেশের প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক আফজালুর রহমান জানান, একদিনের এই একাডেমিক সম্মেলন বাংলাদেশি হৃদ্রোগ বিশেষজ্ঞদের ইন্টারভেনশনাল চিকিৎসাপদ্ধতির নতুন নতুন দিক আরও কার্যকরভাবে প্রয়োগ করতে এবং রোগীর সেবায় আরও বেশি আত্মনিয়োগ করতে সহায়তা করবে। পাশাপাশি জাপান, ভারত, নেপাল, যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য দেশের হৃদ্রোগ বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশি হৃদ্রোগীদের চিকিৎসায় আরও সুফল বয়ে আনবে এবং গবেষণায় নতুন পথ প্রশস্ত করবে।