
ডেঙ্গু আক্রান্ত শিশু আদিবা এখন আগের চেয়ে ভালো আছে। তবে মুখের ঘা পুরোপুরি ভালো হয়নি।
আজ সোমবার মেয়ের শারীরিক অবস্থার এ কথা প্রথম আলোকে জানিয়েছেন আদিবার বাবা হাবিবুর রহমান।
গত বুধবার আদিবাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে গিয়ে চিকিৎসকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন বাবা হাবিবুর রহমান। পরে তাঁকে পুলিশে দিয়ে মামলা করা হয়।
মারধরের অভিযোগে হাসপাতালের চিকিৎসক বনি আমিনের করা মুগদা থানার মামলায় বর্তমানে হাবিবুর রহমান জামিনে আছেন।
হাবিবুর রহমান জানালেন, বুধবার থানাহাজত মামলার পেরেশানিতে মেয়ের চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারেননি। গত বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। পরে মেয়েকে মুগদার ইসলামিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়েছেন। স্যালাইন দেওয়াসহ অন্যান্য ব্যবস্থাপনা শেষে চিকিৎসকের পরামর্শে মেয়েকে বাসায় নেওয়া হয়েছে। জানালেন, ঘটনার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বা মামলার বাদী চিকিৎসক আর যোগাযোগ করেননি।
হাবিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসি মেরামতের কাজে যোগ দিয়েছেন।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মজিদ আজ জানিয়েছেন, মামলার দুই পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।
ঘটনার পর থেকে চিকিৎসক বনি আমিনের মুঠোফোনে একাধিক খুদে বার্তা পাঠানো হয়েছে তাঁর সঙ্গে কথা বলার জন্য। তবে তিনি সাড়া দেননি।