
রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।
এ দুজন হলেন শাহাদাত হোসেন (২৩) ও মো. রোকন (৩২)। দুজনই নির্মাণশ্রমিক। তাঁদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহত দুজনের সহকর্মী কবির হোসেন প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন একটি ১৪ তলা ভবনের বাইরের অংশে মাচা বেঁধে ইটের গাঁথুনির কাজ করছিলেন দুজন। হঠাৎ নিচের সেফটি টিনের ওপর পড়ে গুরুতর আহত হন তাঁরা। তাঁদের উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, দুজনই মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেবে।