
সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতা, দুর্নীতি, মানি লন্ডারিং ও উসকানিদাতাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বাণী অর্চনা–২০২৩ উপলক্ষে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘যেটি আমাদের এখনই প্রয়োজন, সেটি হলো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা, লড়াই করা দুর্নীতির বিরুদ্ধে, লড়াই করা মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে, লড়াই করা সব দুর্বলতার বিরুদ্ধে, লড়াই করা যেকোনো প্রকার উসকানিদাতাদের বিরুদ্ধে। আসুন, এই লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে থাকি এবং এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করি।’
রাষ্ট্রের মূলনীতি, যেটি সংবিধানের একটি অংশ, যেটিকে মূলকাঠামো বলা হয়—তার একটি সেক্যুলারিজম (ধর্মনিরপেক্ষতা) বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। বলেন, ‘সেক্যুলারিজম মনে করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান যে যে ধর্মেরই হোক না কেন, বাংলার মাটি এই হিন্দুর, বাংলার মাটি মুসলমানদের, বাংলার মাটি ক্রিশ্চিয়ানদের, বাংলার মাটি বৌদ্ধদের।’
কোনো প্রকার সাম্প্রদায়িকতাকে আমরা কেউই প্রশ্রয় দেব না। আমরা একাত্তরকে ভুলে যাব না, শাসনতন্ত্রকে ভুলে যাব না। যত দিন বাংলাদেশ থাকবে, যতদিন শাসনতন্ত্র থাকবে, যত দিন একাত্তরের চেতনার ওপর থাকব, তত দিন এ দেশের প্রত্যেক মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানের অধিকার সমান। সবাই বাংলাদেশের নাগরিক।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই একসঙ্গে বসবাস করবে—এটিই হচ্ছে সেক্যুলারিজমের স্পিরিট। সেখানে কোনো হীনম্মন্যতা, কোনো কিছু থাকার প্রশ্ন নেই। কারণ, এটি সেটেলমেন্ট হয়ে গেছে ১৯৭১ সালে।’ যারা উসকাতে চায়, তারা ১৯৭১ সালের স্পিরিটকে (চেতনা) বিশ্বাস করে না বলে মনে করেন তিনি।
‘কোনো প্রকার সাম্প্রদায়িকতাকে আমরা কেউই প্রশ্রয় দেব না। আমরা একাত্তরকে ভুলে যাব না, শাসনতন্ত্রকে ভুলে যাব না। যত দিন বাংলাদেশ থাকবে, যত দিন শাসনতন্ত্র থাকবে, যত দিন একাত্তরের চেতনার ওপর থাকব, তত দিন এ দেশের প্রত্যেক মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানের অধিকার সমান। সবাই বাংলাদেশের নাগরিক’, বলেন হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদ্যাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিন বক্তব্য দেন।
এর আগে সকালে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন এলাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা–কর্মচারী পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত বাণী অর্চনা ২০২৩ অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।