
রাজধানীর বিজয় সরণি মোড়সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে বাজারটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, ভোর ৫টা ৫ মিনিটের দিকে তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান প্রথম আলোকে জানান, সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শাহীনুর আরও জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে কথা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, দুইতলা বাজারের নিচতলায় কাঁচাবাজার, কসাইখানা ও বিভিন্ন দাহ্য পণ্যের দোকান ছিল। আর ওপরের তলায় সার্ভিস সেন্টারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
বাজারটির পাশে একটি হাসপাতাল থাকায় শুরু থেকেই সেখানে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয় বলেন জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদুল হাসান। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন আর বাড়ার কোনো আশঙ্কা নেই। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণও এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।