ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্যের বাসভবনের সীমানা দেয়ালের ভেতর ছুড়ে ফেলা হয় নবজাতকের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সীমানা প্রাচীরের বাইরে থেকে এক নবজাতকের মরদেহ ভেতরে ছুড়ে ফেলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তি উপাচার্য ভবনের বাইরে দিয়ে যাওয়ার সময় রিকশা থেকে নেমে মরদেহটি ছুড়ে দিয়ে পালিয়ে যান। মরদেহটি একটি ব্যাগে ভরা ছিল। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ থেকে এ দৃশ্য দেখা যায়। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আইনি ব্যবস্থা নিতে ফুটেজটি পুলিশকে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে দুপুরের দিকে শাহবাগ থানার উপপরিদর্শক মো. শাহাদত আলী প্রথম আলোকে বলেন, টিএসসি এলাকায় ফুটপাত থেকে সাদা ব্যাগে লাল কাপড়ে মোড়ানো এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, রোকেয়া হলের স্টাফ কোয়ার্টার–সংলগ্ন উপাচার্য ভবনের সীমান্ত প্রাচীরের ভেতরে দেয়াল ঘেঁষে পড়ে ছিল ব্যাগটি। দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনের পরিচ্ছন্নতাকর্মীরা সীমানাপ্রাচীরের কাছে একটি ব্যাগে নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তাঁরা বাসভবনের তত্ত্বাবধায়ককে জানান। তত্ত্বাবধায়ক শাহবাগ থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

উপাচার্য এ এস এম মাকসুদ কামাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জগন্নাথ হলের দিক থেকে এক ব্যক্তি ব্যাগসদৃশ কিছু একটা নিয়ে এসে উপাচার্য ভবনের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ছুড়ে ফেলে চলে যান। পরে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশকে ঘটনার বিস্তারিত জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজও তাদের দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

ক্যাম্পাসের পরিবেশ আরও নিরাপদ করার কথা ভাবা হচ্ছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে কোনো সীমানাপ্রাচীর না থাকায় ক্যাম্পাস অনেকটা উন্মুক্ত। এখানে বহিরাগত প্রচুর মানুষ ও যানবাহন চলাচল করে। এটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ইতিমধ্যে ক্যাম্পাসের প্রবেশপথগুলোয় নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ আরও নিরাপদ করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশন, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।’

উপাচার্য ভবনের সীমানায় নবজাতকের মরদেহ ছুড়ে ফেলা ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান।