বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খাসি (খাসিয়া) জাতিসত্তার মানুষের অবদান নিয়ে লেখা ‘দ্য খাসিস ইন দ্য লিবারেশন অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে আজ শুক্রবার
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খাসি (খাসিয়া) জাতিসত্তার মানুষের অবদান নিয়ে লেখা ‘দ্য খাসিস ইন দ্য লিবারেশন অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে আজ শুক্রবার

মুক্তিযুদ্ধে খাসিয়া জাতিসত্তার অবদান নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খাসি (খাসিয়া) জাতিসত্তার মানুষের অবদান নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে আজ শুক্রবার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ বইয়ের মোড়ক উন্মোচন হয়। বইটির নাম ‘দ্য খাসিস ইন দ্য লিবারেশন অব বাংলাদেশ’। লিখেছেন আইনজীবী ও লেখক ড্যানিয়েল স্টোন লিংডো।

বইটি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা ও এর বিষয়বস্তু উপস্থাপন করেন বইটির লেখক ড্যানিয়েল স্টোন লিংডো। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে খাসিয়া সম্প্রদায়ের অবদান ও অলিখিত ইতিহাসকে তুলে ধরেছেন এই বইয়ের মাধ্যমে। বইটির সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শেষে এটির মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি ইতিহাসের পাতায় লিখিত-অলিখিত সব মুক্তিযোদ্ধাকে স্মরণ করে বলেন, ‘ইতিহাসের পাতায় কেউ হয়তো স্বীকৃতি পেয়েছেন, কেউ হয়তো পাননি, কিন্তু তাঁদের অবদান কখনোই একজনের তুলনায় আরেকজনের কম নয়। আমরা তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ। তাঁদের যে অবদান, সেই অবদানের স্বীকৃতি দেওয়া ও রক্ষা করা আমাদের দায়িত্ব।’

সঞ্জীব দ্রং বলেন, মুক্তিযুদ্ধে খাসিয়া জাতির অবদান নিয়ে এটি সম্ভবত প্রথম বই। আমাদের আদিবাসী তরুণ লেখক ও গবেষকরা এই বই পড়ে অনুপ্রেরণা পাবেন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি এন্ড্রু জুয়েল সলমার তাঁর কৈশোরের মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ভারতীয় নাগরিক হয়েও বাংলাদেশের নিজ খাসিয়া সম্প্রদায়ের মহান মুক্তিযুদ্ধে অবদানকে লেখক ড্যানিয়েল স্টোন লিংডো যেভাবে তুলে ধরেছেন আমাদের পাহাড়-সমতল সব পর্যায়ের আদিবাসীদের কাছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

লেখক ও গবেষক ঈশিতা দস্তিদার বলেন, পৃষ্ঠপোষকতার অভাবে যেখানে আমাদের ইতিহাসের অনেক তথ্য-ঘটনা হারিয়ে যাচ্ছে সেখানে ড্যানিয়েল স্টোন লিংডোর কাজ আমাদের তাড়িত করে নিজেদের ইতিহাসকে লেখার মধ্য দিয়ে বাঁচিয়ে রাখতে।

মানবাধিকার কর্মী ত্রিজিনাদ চাকমা বলেন, আমাদের ইতিহাস, সংস্কৃতিকে রক্ষার্থে বইটি একটি অনুপ্রেরণা। যেখানে রাষ্ট্র তার মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছে, সেখানে এই বই মুক্তিযুদ্ধে খাসিয়া সম্প্রদায়ের অবদানের একটি লিখিত দলিল।

আদিবাসী আন্দোলনের কর্মী টনি চিরন বলেন, বইটি মানবতার কল্যাণে সব সম্প্রদায়ের মানুষের সামষ্টিক সংগ্রামের একটি প্রমাণ।