রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর মাতুয়াইলে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত ওই নারীকে বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম–পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬০–৬৫ বছর।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন পথচারী বায়তুল আমান রিফাত। তিনি বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান ওই নারী।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।