জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ যানবাহনে বসছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

নিজস্ব পরিবহনব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৭টি বাস, মিনিবাস ও মাইক্রোবাসে জিপিএসভিত্তিক ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যানবাহনের রিয়েল টাইম (তাৎক্ষণিক) অবস্থান নির্ণয় এবং গতি ও মাইলেজ পর্যবেক্ষণ করা যাবে। এ ছাড়া ইনারশিয়া নেভিগেশন সিস্টেম (আইএনএস) প্রযুক্তির মাধ্যমে কার্যকর পারফরম্যান্স, এক্সেল ও পিডিএফ ফরম্যাটে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ফ্লিট রিপোর্ট তৈরি, জরুরি পরিস্থিতিতে নির্ধারিত ফোন নম্বরে সতর্কবার্তা পাঠাতে প্যানিক বাটন সুবিধা, লাইভ ট্রাফিক আপডেট এবং ২৪ ঘণ্টা হেল্পলাইন সাপোর্ট থাকবে।

এ কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২ জুলাই ২০২৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের অভিজ্ঞতাপত্র সংযুক্ত করে নিজস্ব প্যাডে পরিবহন প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক প্রথম আলোকে বলেন, ‘ট্র্যাকিং সিস্টেম চালু হলে পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং যানবাহনের কার্যকর তদারকি আরও সহজ হবে। ধাপে ধাপে সব বাসে জিপিএস ট্র্যাকিং সিস্টেম বসানো হবে। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা সবকিছু যাচাই-বাছাই করে ব্যবস্থা নেব।’