
মাঘ মাসের প্রথমার্ধ পার হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা প্রকৃতি থেকে শীতের বিদায় নেওয়ার বার্তা জানান দিচ্ছে। বাঙালিদের কাছে এই সময়টা উৎসবের। শীতের বিদায়লগ্ন উৎসবের রাঙাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে মাঘ পার্বণ।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বারবিকিউ উৎসব ও মজার সব খেলাধুলার। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই উৎসব সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি ইফাদ হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এই মাঘ পার্বণের আয়োজন শুধু একটি উৎসব নয়, এটি আমাদের বন্ধুত্ব, দায়বদ্ধতা আর মানবিকতার এক সুন্দর উদ্যাপন।’
এ সময় জাফর সাদিক বলেন, ‘ঘূর্ণিঝড় আইলা, সিডর কিংবা বন্যা—বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বন্ধুসভা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে৷ প্রথম সারিতে থেকে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। এই মানবিক চর্চাই আমাদের শক্তি৷’
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এই আয়োজনের প্রশংসা করে জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক বলেন, মাঘ পার্বণের মতো এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত।
উৎসবে বন্ধুদের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন জাতীয় পর্ষদের উপদেষ্টা উত্তম রায়। তিনি বলেন, ‘দীর্ঘ চাকরির অভিজ্ঞতা থেকে দেখেছি, আমাদের কাছে প্রচুর তরুণ-তরুণী চাকরির জন্য আসে। কিন্তু দুঃখজনকভাবে সবাইকে আমরা সুযোগ দিতে পারি না। এর মূল কারণ দক্ষতার অভাব। ডিগ্রি থাকলেই যথেষ্ট নয়, সবচেয়ে জরুরি হলো নিজেকে দক্ষ করে তোলা।’
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, অর্থ সম্পাদক শাকিব হাসান, ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি রাজা মান্নান তালুকদার, মামুন হোসাইন, সাধারণ সম্পাদক অনিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতান ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাকিয়া লিমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মুর্শিদা খাতুন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তাসনিম খান প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু ইফাদ হাসানের গান ও আবৃত্তি, বাপ্পি ও মাহিনের সংগীত পরিবেশনা, অর্ণার আবৃত্তি এবং কাওসারের নেতৃত্বে দলীয় সংগীত দর্শকদের মুগ্ধ করে।
খেলাধুলা পর্বে অতিথি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।