সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ফার্মগেটে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত

রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. মামুন ফরাজী (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সিকান্দার ফরাজী।

পথচারী কাজী ফয়সাল জানান, লাব্বাইক পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার দরজা ভেঙে চালক মামুন ফরাজী সড়কে ছিটকে পড়েন। তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে সড়কে পড়ে থাকতে দেখা যায়।

গুরুতর আহত অবস্থায় মামুন ফরাজীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বেলা একটার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পথচারী কাজী ফয়সাল জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে রাখেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট তেজগাঁও থানাকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তাঁর নাম-পরিচয় জানা গেছে।