
৮৯ বছরের রিয়াজউদ্দিন আহমেদের হুইলচেয়ার চালাতে সাহায্য করছিলেন অন্য একজন। তাঁর পরিবারের সদস্যরা জানান, নিজে দেখে স্পর্শ করে বই কিনবেন বলে জেদ করে মেলায় এসেছেন। মেলা থেকে বই কেনার অনুভব যে ভিন্ন, তা স্বীকার করবেন গতকাল রোববার মেলায় উপস্থিত পাঠকেরা।
অন্যপ্রকাশের উল্টো পাশে প্রায় ৩০ নারী মাথায় ফুল দিয়ে ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান গেয়ে মোড়ক উন্মোচন করলেন এক বইয়ের। অন্যপ্রকাশে তখন পাঠক খুঁজলেন মাজহারুল ইসলামের মৃতের পাসপোর্ট বইটি। এই প্রকাশনায় গতকাল ছিল লেখকের জন্য পাঠকের লম্বা লাইন। তখন কথাপ্রকাশে চলছে গুরুগম্ভীর আলোচনা।
মেলার ব্যবস্থাপনা নিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে আরও আধুনিক বইমেলার কথা আমাদের ভাবতে হবে, যেখানে পাঠক আসতে আসতে মুঠোফোনেই জানতে পারবেন যে বই খুঁজছেন, সেটার স্টলের অবস্থান। পুরো মেলা তাকে হাঁটতে হবে না। তাঁর কথার সুর ধরেই যেন বইমেলা পরিচালনা কমিটির সাবেক সদস্য সচিব জালাল আহমেদ বলেন, বইমেলার জন্য নির্ধারিত একটা জায়গা না থাকাটা সংকটের। মেলা করার জন্য বাংলা একাডেমির আলাদা বিভাগ থাকা প্রয়োজন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ পক্ষে বিপক্ষে আর সন্ধ্যাটি ছিল মনোরম নামে দুজনেরই নতুন বই এসেছে কথাপ্রকাশ থেকে। কথাপ্রকাশে পাওয়া গেল সনৎকুমার সাহার দুটি বই। নাসির আলী মামুনের সম্পাদনায় প্রকাশিত এস এম সুলতান জীবন দর্শন ও শিল্প বইটিও এসেছে এখানে।
মেলার আর মাত্র দুই দিন বাকি। এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা ৩ হাজার ৩০৫টি। রোববার জমা হয়েছে ১৫৫টি নতুন বই।
কিছু বইয়ের অগ্রিম অর্ডারও নেওয়া হচ্ছে মেলায়। স্থপতি খালিদ আশরাফের সম্পাদনায় প্রকাশিত দ্য গ্রেট পদ্মা: দ্য এপিক রিভার দ্যাট মেড দ্য বেঙ্গল ডেলটা বইটির অর্ডার করতে হবে বইমেলার বেঙ্গল পাবলিকেশনসে।
চকবাজারের কেতাবপট্টি পাওয়া যাবে ঐতিহ্যতে। সংবেদ এনেছে নৃবৈজ্ঞানিক তত্ত্বসমগ্র। বাতিঘরে ফেরদৌসী মজুমদারের খুঁজে পেতে বইটি খুঁজতে এসেছিলেন পাঠক।
আফসার ব্রাদার্স নাজির হোসেনের কিংবদন্তির ঢাকা বইটি পুনর্মুদ্রন করেছে। স্বপ্ন ৭১–এ নতুন বইয়ের তালিকায় যুক্ত হয়েছে নাইর ইকবালের লেখা আবাহনী–মোহামেডান ও সেই সময়ের গল্প।
আর রোববার প্রথমার বইয়ের রাজ্যে ছিল একটা সুখবর। এবারের মেলায় প্রকাশিত ৭০ শিরোনামের ১৪০ কপি নতুন বই কিনে নিয়েছে উত্তরার মাইলস্টোন কলেজ। মেলা ফুরানোর শেষকালে দেখা গেল, হাসিমুখে পাঠক সামলাচ্ছেন লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ। মেলার মাঠে তখন একদল তরুণ গিটার বাজিয়ে গাইছেন—‘আমাকেও সাথে নিয়ো, নেবে তো আমায়...’।