বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। ৪ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। ৪ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে পুনাক সভানেত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত যাঁরা রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের আজ বুধবার সকালে দেখতে যান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন। তিনি সেখানে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।

আজ বিকেলে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুনাক সভানেত্রী আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহত ব্যক্তিদের আন্তরিকতার সঙ্গে উন্নত চিকিৎসা দেওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানান।

পুনাক সভানেত্রী আন্দোলনে অংশগ্রহণকারীদের অনন্য সাধারণ ভূমিকার প্রশংসা করে বলেন, ‘তাঁরা আমাদের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা ও সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলা। পুলিশ পরিবারের নারী সদস্যদের সংগঠন পুনাক নিজস্ব গণ্ডির বাইরে অসহায় মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

এ সময় পুনাকের সহসভানেত্রী রাহেলা সুলতানা, আইরিন রহমানসহ অন্যান্য নেত্রী, হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি মো. রুবাইয়াত রাজসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।