বাহাদুর শাহ পার্ক থেকে খাবারের দোকান সরিয়ে ফেলার আশ্বাস

বাহাদুর শাহ পার্কের ভেতরে খাবারের দোকানের অবকাঠামো
ছবি: আশিকুজ্জামান

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতর থেকে খাবারের দোকান সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

পার্কের ভেতরে খাবারের দোকান করার প্রতিবাদে গঠিত সমন্বিত সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবারের বৈঠকে ডিএসসিসি মেয়র এ আশ্বাস দেন। বৈঠক শেষে পরিষদের সদস্যসচিব আখতারুজ্জামান খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

আখতারুজ্জামান খান বলেন, ‘মেয়র আমাদের আশ্বস্ত করেছেন, পার্কের ভেতর থেকে খাবারের দোকান সরিয়ে ফেলা হবে। পাশাপাশি পার্কের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তিনি ব্যবস্থা নেবেন। আজ শুক্রবার জুমার নামাজের পর মেয়র সরেজমিন পার্ক পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

পার্কটির ভেতরে খাবারের দোকান বসানোর উদ্যোগ নেয় ডিএসসিসি। দরপত্রের মাধ্যমে কাজ পাওয়া কর্তৃপক্ষ ইতিমধ্যে পার্কের ভেতরে দোকানের অবকাঠামো নির্মাণ করেছে। শুরু থেকেই এ উদ্যোগের বিরোধিতা করে আসছেন স্থানীয় লোকজন। তাঁরা বলে আসছেন, খাবারের দোকান হলে পার্কের ঐতিহ্য ও সৌন্দর্য নষ্ট হবে।

পার্কে হাঁটতে আসা লোকজনের চারটি সংগঠনের সমন্বয়ে একপর্যায়ে ‘ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ’ নামে সমন্বিত একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। তারা পার্কের ভেতরে খাবারের দোকান বসানোর উদ্যোগের প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে।