
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের (উত্তর জোন) ফাইনাল ম্যাচে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। এতে অন্তত ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর।
গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেটিং বিভাগ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই মারামারি হয়।মারামারিতে মার্কেটিং বিভাগের চার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাত শিক্ষার্থী আহত হয়েছেন। বিভাগ দুটি ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থীরা হলেন দেলোয়ার হোসেন, জুলফিকার মাহমুদ, ইমতিয়াজ হোসেন ও আরাফ মাহমুদ।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আহত শিক্ষার্থীরা হলেন নাজমুস সাকিব, জিম নাজমুল, মশিউর রহমান, মেহেদী হাসান, মিনহাজুল ইসলাম, অয়ন সমাদ্দার ও মামুন রেজা। তাঁদের মধ্যে নাজমুস সাকিবের আঘাত গুরুতর।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, ম্যাচে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দলটি আগে ব্যাটিং করে। তারা ১৯ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। ১৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মার্কেটিং বিভাগের দলটি ৯ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। খেলার এই পর্যায়ে মার্কেটিং বিভাগের এক ব্যাটসম্যানের আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়, অতিরিক্ত খেলোয়াড় ও দর্শকেরা পরস্পরকে স্লেজিং করতে থাকেন।
এ নিয়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে ফড়ে। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। দুই বিভাগের শিক্ষার্থীরা পরস্পরকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। কেউ কেউ পরস্পরের দিকে চেয়ার ও ইটের টুকরা ছোড়েন। এতে ১১ শিক্ষার্থী আহত হন। চিকিৎসার জন্য তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান।
ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খেলার একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তাঁরা সংঘাতে লিপ্ত হন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
তাঁদের মধ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রের আঘাত গুরুতর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে আনা হয়। আহত অন্য শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি অনিয়ন্ত্রিত উত্তেজনার বহিঃপ্রকাশ।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এ বি এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের দল জয়ের পথে ছিল। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দলটি তা মানতে পারছিল না। একপর্যায়ে তারা খেলার মধ্যে মারামারি বাধায়। মারামারিতে আমাদের বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।’
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. গোলাম আজম বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়। খেলার সময় এ রকম ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।