
ছয় ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে বৃহস্পতিবার দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে হাসপাতালের বহির্বিভাগের এক্স-রে বিভাগের সামনের বারান্দা থেকে দুই পা বিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এর ছয় ঘণ্টা পর রাত ৯ টার দিকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডের সিঁড়িঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাদের কারওরই পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই)আবদুল মান্নাফ প্রথম আলোকে বলেন, বিকেল ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক্স-রে বহির্বিভাগের বারান্দা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। তার দুই পা ছিল না। অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি অনেক আগেই পা দুটি হারিয়েছিলেন। তার বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার আরেক এসআই নাজমুল হাসান খান বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়ে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সিঁড়িঘর থেকে এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ৬৫ থেকে ৭০ বছর হতে পারে। তার কাছ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের একটি টিকিট পাওয়া গেছে। এতে নাম লেখা রয়েছে পারভীন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে দুজনের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। তাদের আঙুলের ছাপ নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয় বের করার চেষ্টা চলছে।