
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, গণপরিবহন ব্যবস্থার বিশৃঙ্খল অবস্থার পেছনে থাকা স্বার্থান্বেষী মহল চায় না এটি শৃঙ্খলার মধ্যে আসুক। তবে তিনি আশা প্রকাশ করেন, সব ধরনের বাধা উপেক্ষা করে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যাবে।
আজ বুধবার সকালে নগরীর খিলগাঁও এলাকায় খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, ‘গণপরিবহন ব্যবস্থার যে নাজুক ও বিশৃঙ্খল অবস্থা, এর পেছনে অনেক চক্র এবং স্বার্থান্বেষী মহল রয়েছে। তারা অবশ্যই চাইবে না যে এটা একটি শৃঙ্খলার মধ্যে আসুক। কিন্তু আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি। আজকে আমরা মালিক-শ্রমিক সমিতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিলনায়তনে একটি সভা করব। যেখানে উত্তরের মেয়র মহোদয়ও থাকবেন। আমরা আশাবাদী, যত রকমের বাধাবিপত্তি আসুক না কেন, ইনশা আল্লাহ আমরা ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে সক্ষম হব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমরা বলেছি যে যেখানে–সেখানে কাউন্টার এবং সেই কাউন্টার ঘিরে রাস্তার ওপর গাড়ি রেখে দেওয়া, যানজট সৃষ্টি করা—এগুলো আর হতে দেওয়া হবে না।’
সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করে মেয়র বলেন, ‘সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিক হওয়ার পরে বাইরে যত্রতত্র কাউন্টারের আর প্রয়োজন হবে না। আগামী এপ্রিল থেকেই যেন সব বাস কাউন্টার টার্মিনালের ভেতর চলে আসে, আমরা সেই ব্যবস্থা করেছি। পর্যাপ্ত কাউন্টারের ব্যবস্থা করেছি এবং তার পরিপ্রেক্ষিতে বাসগুলো সড়কে না রেখে তারা টার্মিনাল ব্যবহার করবে। টার্মিনালের ভেতর ডিপোর ব্যবস্থা করেছি। গাড়ি রাখার ব্যবস্থা করেছি। সেটা ব্যবহার করবে। তাহলে ঢাকা শহরে একটি শৃঙ্খলা আসবে এবং আর যানজট থাকবে না। আমরা চাই ঢাকাবাসীকে যানজটমুক্ত একটি সচল ঢাকা উপহার দিতে।’
ঢাকা নগর পরিবহন এখন বাস্তবতা ও ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে চলেছে উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘ঢাকা শহরে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির পরিপ্রেক্ষিতে বাস রোড রেশনালাইজেশন কমিটি গঠন করা হয়। সেই কমিটির আওতায় ঢাকা নগর পরিবহন সফলতার সঙ্গে আমরা চালু করেছি। বর্তমানে দৈনিক প্রায় ৩০ হাজার যাত্রীকে ঢাকা নগর পরিবহন সেবা দিচ্ছে। আমরা আরও তিনটি যাত্রা পথ চালুর উদ্যোগ গ্রহণ করেছি। সুতরাং নগর পরিবহন এখন বাস্তবতা ও সফলতার দিকে এগিয়ে চলেছে।’
খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মেয়র তাপস নৌপথে মাণ্ডা খাল পরিদর্শন, বঙ্গবাজার এলাকায় আধুনিক খাদ্য পরীক্ষাগার ও প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী উপস্থিত ছিলেন।
পাঁচতলাবিশিষ্ট খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নির্মাণ আগামী বছরের ২৬ এপ্রিলের মধ্যে সমাপ্ত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১০ কাঠা জমির ওপর এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করা হবে।