জাতীয় জাদুঘরে ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্‌যাপন’ শীর্ষক  আয়োজনে প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন অতিথিরা। ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় জাদুঘরে ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্‌যাপন’ শীর্ষক  আয়োজনে প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন অতিথিরা। ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য তুলে ধরতে মেলা, প্রদর্শনীসহ নানা আয়োজন

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও বুননশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শনিবার চার দিনব্যাপী বিশেষ আয়োজন শুরু হয়েছে। ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্‌যাপন’ শীর্ষক এ আয়োজনে রয়েছে প্রদর্শনী ও টাঙ্গাইল শাড়ির মেলা। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন, জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

‘ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি বুননশিল্প’ ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি রিপ্রেজেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এ শিল্পের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের কাছে টাঙ্গাইলের শাড়ির ঐতিহ্য ও বুননশিল্পের প্রসার ঘটানোই আয়োজনের মূল উদ্দেশ্য।

রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শনিবার বেলা ১১টায় আয়োজনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, ‘তাঁতশিল্পের পাশাপাশি আমাদের আরও বেশ কিছু ঐতিহ্য ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। এগুলোকে আমরা বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করব।’ তিনি বলেন, ‘পৃথিবী বদলাচ্ছে, কৃষ্টি এবং সভ্যতা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, ফ্যাশন নিয়ে আমাদের ধারণা বদলাচ্ছে। এই সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবভীনা মনীর চিঠি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান অতিরিক্ত সচিব আলিফ রুদাবা এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ইউনেসকো ঢাকা অফিসের প্রধান সুজান ভাইস।

জাতীয় জাদুঘরে ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্‌যাপন’ শীর্ষক আয়োজনে টাঙ্গাইল শাড়ি দেখছেন অতিথিরা। ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সুজান ভাইস বলেন, ‘আমরা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত ঐতিহ্য বলি। এটি এমন কোনো বিষয় নয়, যেটিকে আমরা শুধু জাদুঘরের একটি বাক্সে রেখে দিতে পারি। এটি আসলে কাজের সঙ্গে সম্পর্কিত।’ তিনি বলেন, জীবন্ত ঐতিহ্য কোনো একটি বস্তুর চেয়ে বরং মানুষের সঙ্গে বেশি সম্পর্কিত। যেমন মানুষ কীভাবে কোনো কিছু তৈরি করে, কী দিয়ে তৈরি করে, তাদের কী ধরনের দক্ষতা রয়েছে এবং এর সঙ্গে তাদের জীবিকা কীভাবে যুক্ত—এসব বিষয়।

সুজান ভাইস আরও বলেন, ‘টাঙ্গাইল শাড়ি বয়ন ঠিক এমনই একটি ঐতিহ্য। এটি শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি মানবতার বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেও স্বীকৃত। এটি বিশ্বের সঙ্গে বাংলাদেশের সংযোগ, অন্য মানুষের সঙ্গে আমাদের সংযোগ এবং বৈশ্বিক সমাজে কীভাবে আমরা সহনশীলতা ও একসঙ্গে বসবাস করতে শিখেছি, তার কথাও বলে।’

টাঙ্গাইলের বুননের ইতিহাসকে তাঁতিদের থেকে পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তরুণ ডিজাইনার, সরকারি পৃষ্ঠপোষক ও ঐতিহ্য নিয়ে পড়াশোনা করছেন, এমন তরুণদের গবেষণাকে সমন্বয় করা এখন জরুরি বলে জানান বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।

প্রদর্শনী ও মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনী এবং গ্যালারির সংলগ্ন লবিতে টাঙ্গাইল শাড়ির মেলা শুরু হয়েছে শনিবার বেলা একটায়। আয়োজন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।