
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার বৃহস্পতিবার রাতে মারা গেছেন। রাজারবাগ পুলিশ লাইনস প্রাঙ্গণে জ্যোতির্ময় সরকার আকস্মিক অসুস্থ হয়ে পড়লে রাত পৌনে আটটার দিকে তাঁকে একই এলাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি রাতে প্রথম আলোকে বলেন, এডিসি জ্যোতির্ময় সরকার বুধবার রাত দুইটা পর্যন্ত দাপ্তরিক কাজ শেষে রাজধানীর বাংলামোটরের বাসায় যান। বৃহস্পতিবার সকালে তিনি অফিসে এসে তাঁর দেহরক্ষীকে বলছিলেন, শরীরটা ভালো নেই। দুপুরে দেহরক্ষীকে বলেন তিনি বিশ্রামকক্ষে আছেন, তাঁকে যেন ডাকাডাকি না করা হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ডেকে কোনো সাড়া পাননি তাঁর সহকর্মীরা। পরে জ্যোতির্ময়ের দেহরক্ষী বিশ্রামঘরের দরজা খুলে দেখেন তিনি মেঝেতে পড়ে আছেন। রাত পৌনে আটটার দিকে তাঁকে দ্রুত উদ্ধার করে অফিসের কাছের সিপিএইচে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জ্যোতির্ময়কে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা কে এন রায় নিয়তি বলেন, ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
জ্যোতির্ময় সরকার ৩০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মধ্যনগর গ্রামে।
৪১ বছর বয়সী জ্যোতির্ময় সরকারের স্ত্রী এবং ছয় বছরের এক ছেলে রয়েছে। তাঁর মৃত্যুতে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শোক প্রকাশ করেছেন। তিনি জ্যোতির্ময় সরকারের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।