বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নতুন উদ্যোগ ‘রিকশা বিন’। এই উদ্যোগে রাজধানীর বিভিন্ন রিকশার পেছনে প্লাস্টিকের আবর্জনা জমা রাখার একটি ব্যাগ ঝুলিয়ে দেওয়া হচ্ছে। রিকশার যাত্রীরা পানি খাওয়ার পর প্লাস্টিকের বোতল বা সঙ্গে থাকা অন্য কোনো প্লাস্টিকের পণ্য এই ব্যাগে ফেলতে পারবেন। রিকশাচালক চলতি পথে কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের বিভিন্ন পণ্যও এই ব্যাগে রাখতে পারবেন। দিন শেষে ব্যাগে জমা হওয়া আবর্জনাগুলো বিক্রি করে আয় করতে পারবেন রিকশাচালক।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া তথ্য বলছে, রিকশার পেছনের প্লাস্টিকের আবর্জনা ফেলার ব্যাগটির নাম দেওয়া হয়েছে ‘মোবাইল রিসাইক্লিং বিন’। এই ব্যাগগুলোর তত্ত্বাবধান রিকশাচালক নিজেই করবেন। ফলে সেগুলো হারানোর কোনো ভয় নেই। মোটা কাপড়ের এই ব্যাগ বিতরণের পাশাপাশি রিকশাচালকদের একটি করে পোশাক দেওয়ার কার্যক্রমও শুরু করা হয়েছে। পাশাপাশি এই উদ্যোগ নেওয়ার কারণ এবং সুফল সম্পর্কে রিকশাচালকদের সচেতন করতেও কাজ করছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।
আপাতত মিরপুরের মোট ২০০টি রিকশায় এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হবে। উদ্যোগটি বাস্তবায়নে প্রতিবন্ধকতা বা কোনো ধরনের জটিলতা হচ্ছে কি না, তা চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ব্যাগগুলো নান্দনিকভাবে উপস্থাপনের জন্য কাপড়ে প্রথমে রিকশার বিভিন্ন নকশা প্রিন্ট করা হচ্ছে। তারপর ওই কাপড় দিয়ে ব্যাগ বানানো হচ্ছে। প্রতিটি ব্যাগ তৈরি করতে খরচ হচ্ছে ৩২০ টাকা।
বিদ্যানন্দ ফাউন্ডেশন বলছে, ঢাকায় পর্যাপ্ত আবর্জনা ফেলার জায়গা বা বিন নেই। ফল—যেখানে–সেখানে ময়লা ফেলা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের ১৫ হাজার রিসাইকেল বিনের ৮০ শতাংশই চুরি হয়ে গেছে। অন্যান্য আবর্জনার পাশাপাশি প্লাস্টিকের আবর্জনাও ড্রেনে ফেলা হচ্ছে। এতে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নগরীতে প্লাস্টিকের দূষণও বেড়ে চলছে।
আজ মঙ্গলবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান সালমান খান ইয়াছিন প্রথম আলোকে বলেন, ঢাকা শহর রিকশার শহর হিসেবে পরিচিতি পেয়েছে। তাই রিকশাকে প্লাস্টিকের দূষণ রোধে কাজে লাগানোর চিন্তা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রিকশাচালকেরা যাতে ন্যায্যমূল্যে প্লাস্টিকের আবর্জনা বিক্রি করতে পারেন, সে উদ্যোগও নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মিরপুরের ২০০ রিকশাচালককে এ উদ্যোগের আওতায় নিবন্ধিত করা হবে।
সালমান খান ইয়াছিন বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের একার পক্ষে নগরীকে প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করা সম্ভব নয়। সরকারি কোনো প্রতিষ্ঠান বা সিটি করপোরেশনের সহযোগিতা পেলে উদ্যোগের পরিসর বাড়িয়ে একটি সিস্টেমের আওতায় আনার চিন্তাভাবনা করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।