রাজধানীতে ট্রেনের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রিকশাচালক স্বামীর মৃত্যুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহাজারি করছেন মমতাজ বেগম
ছবি: প্রথম আলো

রাজধানীর তেজগাঁও এলাকায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে এক রিকশাচালক মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম কাজল হোসেন (২৮)। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি পরিবার নিয়ে রাজধানীর মানিকনগর বালুর মাঠ এলাকায় থাকতেন।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড-সংলগ্ন রেলগেট পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খান কাজল। আজ সোমবার সকাল ৭টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী প্রথম আলোকে এ তথ্য জানান।

সেকেন্দার আলী বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া নিশিতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খান কাজল। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কাজলের স্ত্রী মমতাজ বেগম ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যার দিকে তাঁর স্বামী ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন।

রাতে তিনি বাসায় ফেরেননি। আজ সকালে খবর পান, তাঁর স্বামী ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি। হাসপাতালে গিয়ে জানতে পারেন, কাজল মারা গেছেন।

কাজল-মমতাজ দম্পতির একটি কন্যাশিশু আছে। মমতাজ এখন অন্তঃসত্ত্বা। তিনি বলেন, ‘আমার স্বামী মারা গেছে। আমাদের এখন কে দেখবে? আমি এখন ক্যামনে সংসার চালামু?’