‘এটিজেএফবি এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। পাশে উপস্থিত টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও অন্যান্য অতিথি। ইয়ুথ ক্লাব মাঠ, গুলশান, ঢাকা। ৪ জুলাই ২০২৬
‘এটিজেএফবি এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। পাশে উপস্থিত টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও অন্যান্য অতিথি। ইয়ুথ ক্লাব মাঠ, গুলশান, ঢাকা। ৪ জুলাই ২০২৬

এটিজেএফবি ফুটবল টুর্নামেন্ট

বিমানকে যাত্রীসেবাতেও শীর্ষে থাকার আহ্বান পর্যটনমন্ত্রীর

এটিজেএফবি এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে যাত্রীসেবা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকেও শীর্ষ অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, বিশ্বমানের এয়ারলাইনস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আজ শনিবার রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ‘এটিজেএফবি এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ইউএস-বাংলা এয়ারলাইনসকে হারিয়ে শিরোপা জেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

গ্র্যান্ড ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শিরোপা নিশ্চিত হওয়ার পর উল্লাসে মেতে ওঠেন দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা।

এর আগে দিনের দ্বিতীয় সেমিফাইনালে কাতার এয়ারওয়েজকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেই ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হন বিমানের খেলোয়াড় জাহাঙ্গীর।

অন্য সেমিফাইনালে এয়ার ইন্ডিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে জয় পেয়ে ফাইনালে ওঠে ইউএস-বাংলা। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাতার এয়ারওয়েজকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে এয়ার ইন্ডিয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। এ ছাড়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন, কো-স্পন্সর ভিআইপি মোটরস এবং অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট ডিরেক্টর ও এটিজেএফবির সাংগঠনিক সম্পাদক মো. আদনান রহমান বলেন, এভিয়েশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। সব দলই ইতিবাচক ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলেছে, যা এ আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।