সুবর্ণজয়ন্তী

শুভ্র সজ্জায় ঢাকা থিয়েটারের প্রাণের উৎসব

বক্তব্য দিতে গিয়ে ঢাকা থিয়েটারকে শুভেচ্ছা জানান প্রবীণ নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার
ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মঞ্চের সামনের খোলা জায়গাটি সাজানো হয়েছে শুভ্র সজ্জায়। সামনেই একটি গাছ। তার কাণ্ড–পাতা সবই সাদা। তাতে ঝুলছে ঢাকার মঞ্চে সাড়াজাগানো নাটকের নামগুলো। একটু এগিয়ে গেলে ডানে–বাঁয়ে চোখে পড়ে বিশালাকার ডিজিটাল বোর্ডে বিভিন্ন নাটকের পরিচিতি।

পৃথিবীর যবনিকার আড়ালে চলে যাওয়া সঙ্গীদের নাম। আরেকটু সামনে ছাদ থেকে নেমে আসা রাশি রাশি সাদা ফিতার গুচ্ছ। তারপর আঁকাবাঁকা সুড়ঙ্গের মতো যে পথটি দোতলার বারান্দা থেকে তৃতীয় তলার মূল পরীক্ষণ থিয়েটারের দিকে চলে গেছে, সেটিও সাজানো হয়েছে শুভ্র সজ্জায়। সব মিলিয়ে ঢাকা থিয়েটার তাদের ৫০ বছর পূর্তির উৎসব আয়োজন করেছে এক সূচি শুভ্র আবহের উপস্থাপনায়। যেন চারপাশে ঘনিয়ে আসা সব অন্ধকার সরিয়ে শিল্পের শুভ্রতায় সমাজ ও জীবনকে শুদ্ধতার পথে চালিত করার প্রত্যাশার আভাস দেওয়া হলো এই আয়োজনে।

আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু হয়েছিল মণিপুরি থিয়েটারের পরিবেশনায় মণিপুরি নৃত্য দিয়ে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা থিয়েটারের নন্দিত অভিনয়শিল্পী আফজাল হোসেন। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বিশ্ব রঙ্গমঞ্চে ঝংকৃত হোক বাংলা নাটকের শাশ্বত সুর’ স্লোগান নিয়ে ঢাকা থিয়েটারের বছরব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হলো এই অনুষ্ঠানে। এতে ঢাকা থিয়েটারের সর্বস্তরের নবীন-প্রবীণ কর্মীদের পাশাপাশি ঢাকার বিভিন্ন নাট্যসংগঠনের কর্মীরাও অংশ নেন। ফলে আয়োজনটি নাট্যকর্মী ও নাট্যামোদী দর্শকদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

মিলনায়তনের সামনের লবিতে ছিল বর্ষপূর্তির কথামালা। এতে ঢাকা থিয়েটারকে শুভেচ্ছা জানিয়ে প্রবীণ নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘স্বাধীনতার পর ঢাকা থিয়েটার একঝাঁক তরুণকে নিয়ে ঢাকার মঞ্চে যে তারুণ্যের দীপ্তি ছড়িয়েছিল, তা ক্রমেই উজ্জ্বল হয়েছে। অনেক পুরোনো মানুষ নেই, কিন্তু তাঁদের সেই তারুণ্যের উচ্ছ্বাস রয়েছে। দেশে ও দেশের বাইরে বাংলা নাটকের পরিচিতি পৌঁছে দিয়ে ঢাকা থিয়েটার আমাদের সংস্কৃতিকে আলোকিত করেছে।’

নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘ঢাকা থিয়েটার নিজেদের কাজ করে যাওয়ার পাশাপাশি সহযাত্রী নাট্যদলগুলোকেও পথ দেখিয়েছে। বিশেষ করে গ্রাম থিয়েটারের মাধ্যমে তারা থিয়েটারকে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছে। স্বাধীনতার অনেক স্বপ্নই আমরা ধারণ করতে পারিনি। তবে আশা বেঁচে থাকুক, দেশের ও জনগণের প্রতি নাট্যকর্মীরা তাঁদের দায়িত্ব পালন করে যাবে।’

দেশের ও জনগণের প্রতি নাট্যকর্মীরা দায়িত্ব পালন করে যাবে এমনটাই আশা করেন নাট্যজন মামুনুর রশীদ

ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য নাট্যজন ম হামিদ নতুন পুরোনো সব নাট্যকর্মীকে অভিবাদন জানান। তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টাতেই ঢাকা থিয়েটার অর্ধশত বছর অতিক্রম করে দেশের নাট্য আন্দোলনে একটি বিশেষ ভূমিকা পালন করতে পেরেছে।

জননন্দিত অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারও নাট্যকর্মী ও দর্শকদের ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বলেন, আজ অনেক চেনাজানা মানুষের সঙ্গে একসঙ্গে মিলিত হতে পেরে এক অপার আনন্দ লাভ করেছেন তিনি।

রাইসুল ইসলাম আসাদ স্মৃতিচারণা করে বলেন, ‘অর্ধশত বছর একটি দীর্ঘ সময়। ঢাকা থিয়েটারের সঙ্গে কাজ করা গৌরবের। তবে ৫০ বছর পূর্তির চেয়ে এই সময়ে কতগুলো ভালো কাজ করতে পেরেছি, সেই বিষয়টিই গুরুত্বপূর্ণ।’

পীযূষ বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণা করে বলেন, স্বাধীনতার পরে দেশে নবনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল, তার অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবে ঢাকা থিয়েটার গত ৫০ বছরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে।

ঢাকা থিয়েটারের দলনেতা প্রধান নাসির উদ্দীন ইউসুফ অনুষ্ঠানে আসা সবাইকে ধন্যবাদ জানান

সুবর্ণা মুস্তাফা বলেন, ঢাকা থিয়েটারে কাজ করা তাঁর জন্য অত্যন্ত গৌরবের। তিনি বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করে দলের সবাইকে ধন্যবাদ জানান।

দলের প্রধান নাসির উদ্দীন ইউসুফ তাঁর সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আজ রাজধানীর এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও বিশিষ্ট নাট্যজন, দলের কর্মী ও নাট্যমোদী দর্শকেরা ঢাকা থিয়েটারকে ভালোবেসেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, গত ৫০ বছরে ঢাকা থিয়েটার ৫০টি নাটক করেছে, হারিয়েছে ২৫ জন কর্মীকে। প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিশেষত নাট্যাচার্য সেলিম আল দীনের অকালপ্রয়াণ শুধু ঢাকা থিয়েটার নয়, বাংলা নাটকের জন্যই অনেক বড় ক্ষতি। অপঘাতস্বরূপ। তিনি বলেন, ঢাকা থিয়েটার পেশাদার থিয়েটার হিসেবে সফল হয়নি। তবে গত ৫০ বছরের চেষ্টায় ঔপনিবেশিক থিয়েটারের আঙ্গিক ভেঙে বাঙালির হাজার বছরের নাট্য আঙ্গিকে বাঙালির একটি নিজস্ব আধুনিক নাট্য আঙ্গিক নির্মাণে সফল হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে ছিল সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় নাটক ‘প্রাচ্য’র মঞ্চায়ন। কাল শনিবার সন্ধ্যায়ও পরীক্ষণ থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।