
রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের মধ্যে রেদোয়ান নামের এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।
আজ সোমবার বিকেল আনুমানিক তিনটার দিকে পূর্ব বক্সনগরের একটি মাদ্রাসার আটতলা ভবনের ষষ্ঠ তলায় এ বিস্ফোরণ ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর।
মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান আকাশ বলেন, আটতলা ভবনের ষষ্ঠ তলায় একটি বৈদ্যুতিক বোর্ডে শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং আগুন লাগে। ওই সময় কক্ষে ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হয়। অন্য শিক্ষার্থীরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। আহত ব্যক্তিরা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার প্রথম আলোকে বলেন, মাদ্রাসার পাশ দিয়ে বিদ্যুতের একটি হাইভোল্টেজ সংযোগ গেছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।